
চাঁদপুর খবর রিপোর্ট : আজ ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ (১৯ আশ্বিন থেকে ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ) পর্যন্ত ২২ দিনব্যাপী চাঁদপুরসহ সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বেচাকেনা ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত চাঁদপুর জেলা টাস্কফোর্স কমিটির সভার কার্যবিবরণীর স্মারক নং-৩৩.০২.১৩০০.৪০০.৭৯. ০০১.২৫.৪৬২, তারিখ- ২৮/০৯/২০২৫ খ্রি.।
অনুযায়ী উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ০৪/১০/২০২৫ খ্রি. হতে ২৫/১০/২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত ২২ (বাইশ) দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ পরিচালিত হবে।
ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী উক্ত সময়ে চাঁদপুর জেলার সকল বরফকল সমূহ বন্ধ রাখতে হবে। এমতাবস্থায়, আগামী ০৪/১০/২০২৫ খ্রি. হতে ২৫/১০/২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত ২২ (বাইশ) দিন আপনার বরফকলটি বন্ধ রাখার অনুরোধ করা হলো।
চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।



