
মো:শওকত করিম : চাঁদপুরে ইসলামী সংগঠনগুলোর আপত্তির কারণে হিজবুত তাওহীদের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠক শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে “রাষ্ট্রসংস্কারে হেযবুত তওহীদের প্রস্তাবনা” শীর্ষক এ গোলটেবিল বৈঠক হওয়ার কথা ছিল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ বৈঠকে দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রবীণ রাজনীতিবিদ, প্রথিতযশা সাংবাদিকসহ বিভিন্ন ক্ষেত্রের গুণীজনেরা অংশগ্রহণ করার কথা ছিল। অনুষ্ঠানটি আয়োজনের মূল উদ্দেশ্য ছিল হিজবুত তওহীদের আমীর ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের রচিত “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা” গ্রন্থের আলোচনাকে সামনে আনা।
বইটিতে আল্লাহর তওহীদকে ভিত্তি করে একটি আধুনিক ও সময়োপযোগী রাষ্ট্রব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা উপস্থাপন করা হয়েছে। সেই প্রস্তাবনার কার্যকারিতা ও সম্ভাবনা নিয়ে মতামত বিনিময়ের জন্যই এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল।
কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার আগেই স্থানীয় ইসলামী সংগঠনগুলোর পক্ষ থেকে আপত্তি তোলা হয়। তারা বৈঠক আয়োজন না করার জন্য চাপ সৃষ্টি করলে শেষ পর্যন্ত আয়োজকরা বৈঠক স্থগিত করার ঘোষণা দেন।
চাঁদপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি হোসনে মাবারক আজাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “আমরা চাইছিলাম দেশের চিন্তাশীল ব্যক্তিদের সামনে আমাদের প্রস্তাবনা উপস্থাপন করতে।
সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং সবার মূল্যবান মতামত প্রত্যাশা করেছিলাম। কিন্তু স্থানীয় ইসলামী সংগঠনগুলোর বাধার কারণে শেষ মুহূর্তে বৈঠকটি স্থগিত করতে বাধ্য হয়েছি।”



