শাহরাস্তিতে জেলা প্রশাসক কাপ ফুটবল রেফারির পক্ষপাতিত্বের অভিযোগে মানববন্ধন

মো: শওকত করিম : চাঁদপুরে চলমান ২১তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে রেফারিদের পক্ষপাতিত্ব ও নিয়মবহির্ভূত সিদ্ধান্তের প্রতিবাদে শাহরাস্তি উপজেলা সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় ক্রীড়াবিদ, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

অভিযোগকারীরা জানান, জেলা ক্রীড়া সংস্থার রেজুলেশনে বাইরের অনুমোদিত রেফারি দিয়ে ম্যাচ পরিচালনার কথা থাকলেও তা অমান্য করে স্থানীয় রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে মাঠে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়ে পক্ষপাতিত্বের ঘটনা ঘটছে, যা প্রতিযোগিতার মান ও মর্যাদা নষ্ট করছে।

মানববন্ধনে বক্তারা বলেন, খেলাধুলা সমাজকে একত্রিত করার শক্তিশালী মাধ্যম হলেও নিয়ম ভঙ্গ ও স্বজনপ্রীতি খেলোয়াড়দের হতাশ করছে। তারা স্মরণ করিয়ে দেন, ২০১৮ সালে চাঁদপুর স্টেডিয়ামে শাহরাস্তির খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনার পর ক্রীড়াঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। এবারের আসরেও রেফারিদের বিতর্কিত সিদ্ধান্ত খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

তবে এবার প্রথমবারের মতো কোনো উপজেলা আনুষ্ঠানিকভাবে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানালো। বক্তারা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের দায়িত্বহীনতা ও স্থানীয় রেফারি নিয়োগকে স্বজনপ্রীতির বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন।

তারা জেলা প্রশাসকের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে খেলা যেন ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়, সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সম্পর্কিত খবর