ফরিদগঞ্জের দর্শকদের বহনকারী বাসে মতলব দক্ষিণের সমর্থকদের হামলা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে অনুষ্ঠিত ডিসি কাপ ফুটবল টুর্নামেন্ট শেষে ফরিদগঞ্জের দর্শকদের বহনকারী বাসে মতলব দক্ষিণের সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। এতে বাসটি ভাঙচুরের শিকার হয় এবং অন্তত ৩ জন দর্শক আহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) শেষ বিকেলে চাঁদপুর শহরের ওয়ারলেস মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে জানা যায়, ফরিদগঞ্জ ফুটবল দল জয়ী হয়ে মাঠ ছাড়ার পর সমর্থকরা একটি বাসযোগে নিজ এলাকায় ফিরছিলেন। এ সময় মতলব উত্তর উপজেলার সমর্থকদের একটি বাস থেকে কয়েকজন নেমে এসে ফরিদগঞ্জের সমর্থকবাহী বাসে অতর্কিত হামলা চালায়।

তারা ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি লাঠি ও হকিস্টিক দিয়ে বাস ভাঙচুর করে। আহত মারুফ (১৮) বলেন, “আমরা খেলায় জিতে আনন্দে ফিরছিলাম। হঠাৎ ওয়ারলেস মোড়ে মতলবের কয়েকজন আমাদের বাসে হামলা চালায়। বাসের কাচ ভেঙে গেলে আমার, সিহাব (১৭) ও আবিরের (১৮) হাতে কেটে যায়।”

বাসচালক জানান, “দর্শকরা বিজয়ের উল্লাস করতে করতে ফিরছিলেন। হঠাৎ কয়েকজন এসে লাঠি ও হকিস্টিক দিয়ে গাড়ির জানালার কাচ, সাইড মিররসহ বিভিন্ন অংশ ভেঙে দেয়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।”
ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ার হোসেন সজিব বলেন, “খেলা শেষে আমরা খেলোয়াড়দের গোছগাছ করছিলাম। পরে খবর পাই, আমাদের দর্শকদের বহনকারী বাসে হামলা হয়েছে। ফরিদগঞ্জে ফিরে দেখি বাসটি ভাঙচুর করা হয়েছে। খেলা শেষে এমন আচরণ একেবারেই অপ্রত্যাশিত ও দুঃখজনক।”

এদিকে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মতলব দক্ষিণের স্টাফ রিপোর্টার গোলাম সারোয়ার সেলিম জানান, চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম ম্যাচের খেলা শেষে ফেরার পথে মতলব দক্ষিণের খেলোয়াড়দের বাসে অতর্কিতভাবে হামলা করেছে ফরিদগঞ্জ উপজেলার সমর্থকরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫ টায় চাঁদপুরের ওয়ারলেস ( ফরিদগঞ্জ সড়কের মাথায়) নামক স্থানে এ হামলার ঘটনাটি ঘটে।

এতে মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোজাহিদুল ইসলাম কিরণ, কোচ লিটন,খেলোয়ার সাগর,তামিম,ফাহিম,দুর্জয়,ইকবাল,সৌরভ,হাসিবসহ আরো ৫/৭ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন। খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক আমজাদ হোসেন, সহকারী কমিশনার ((ভুমি) মুনতাহিনা পৃথুলা, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ।

উল্লেখ্য, চাঁদপুরে ২১তম ডিসি কাপের উদ্বোধনী ম্যাচে ফরিদগঞ্জ ফুটবল দল মতলব উত্তরকে ২-১ গোলে পরাজিত করে জয়লাভ করে।

সম্পর্কিত খবর