
মো:শওকত করিম : দুই বছর পর উৎসব মূখর পরিবেশে চাঁদপুরে ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা দল। এতে ২-১ গোলে ফরিদগঞ্জ মতলব দক্ষিণ উপজেলাকে পরাজিত করে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, নানা কারণে একসময় খেলাধুলাটা যেভাবে এগিয়ে যাবার কথা ছিলো সেটা আসলে হয়নি। এ ব্যর্থতা আমাদের সকলেরই নিতে হবে। দীর্ঘদিনের যে ব্যর্থতা বা সুন্দর পরিবেশ দেয়া, সেটাকে আমরা সামনে রেখে সবধরণের ব্যবস্থা গ্রহণ করেছি।
চাঁদপুর জেলা প্রশাসক বলেন, দীর্ঘদিন পরে হলেও এই টুর্নামেন্ট শুরু হয়েছে। আসলে এটা নামেই জেলা প্রশাসক গোল্ডকাপ, মূলত হচ্ছে দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া ক্লাবগুলোকে জাগিয়ে তোলার একটা মাধ্যম। কারণ ক্লাবগুলোই আমাদের ফুটবলারদের নার্সিং করে। এরকম একটা টুর্নামেন্ট চালু হলে খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলের মেধাকে বিকশিত করে। আমাদের একটা যাত্রা শুরু হলো।
টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রজন্ম বিভিন্ন অনিয়ম থেকে সরে মাঠমূখী হবে। তিনি বলেন ,খেলাধুলার আয়োজনের মাধ্যমে আমরা চাঁদপুরের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে এবং সুস্থ সমাজ গঠনে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য নিয়মিত এ আয়োজন চালিয়ে যাওয়া, যাতে জেলার প্রতিটি ক্লাব তাদের খেলোয়াড়দের গড়ে তুলতে পারে এবং জাতীয় পর্যায়ে তারা অবদান রাখতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।
চাঁদপুর পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা জামাতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, গণঅধিকার পরিষদের সভাপতি কাজী রাসেল,
জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলম, জেলা প্রশাসনের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন। ১৯৮৪ সাল থেকে চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। আর সর্বশেষ ২০২৩ সালে ২০তম জেলা প্রশাসক কাপ টুর্ণামেন্ট অনুষ্ঠতি হওয়ার পর দুই বছর বন্ধ ছিলো।
এই টুর্নামেন্টে জেলার ৮ উপজেলার ৮টি দল অংশগ্রহণ করবে।



