
স্টাফ রিপোর্টার: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রায় শতাধিক ফলজ ও বনজ গাছ কেটে ফেলা হয়েছে।
একইসাথে তিনটি নারকেল গাছ থেকে প্রায় ১৫০টি নারকেল লুট করেছে একদল দুর্বৃত্ত। ঘটনাটি ঘটে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খান বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, লালন খান ও মজিব খানের নেতৃত্বে দেশীয় অস্ত্রসজ্জিত প্রায় ৩০–৪০ জন সন্ত্রাসী কায়দায় প্রবেশ করে বিভিন্ন প্রজাতির গাছ কাটে। কাটা গাছগুলোর মধ্যে মেহগনি, কদম, আম, কাঁঠাল, আমড়া ও পেঁপে উল্লেখযোগ্য।
ভুক্তভোগী আব্দুল লতিফ, মাওলানা আব্দুল কুদ্দুস ও মিজানুর রহমান জানান, জুমার নামাজের পরপরই হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে গাছগুলো কেটে ফেলে এবং প্রাণনাশের হুমকি দেয়। তারা নিরাপত্তার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন খান, মোবারক হোসেন ও আব্দুল লতিফ ভূঁইয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে ভুক্তভোগীরা হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে শনিবার থানার এসআই সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযুক্ত লালন খান মোবাইল ফোনে অভিযোগ অস্বীকার করেন। তবে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



