চাঁদপুরে ‘সিঙ্গাড়া কাণ্ড’, দোকানে সিঙ্গাড়া থাকলেও বিক্রি বন্ধ

মহসিন হোসাইন : চাঁদপুরে আজমীর হোটেল এন্ড রেস্টুরেন্টে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। দোকানে সিঙ্গাড়া থাকা সত্ত্বেও ক্রেতাদের বিক্রি করতে অস্বীকৃতি জানান দোকানী। এ নিয়ে ভোক্তা হয়রানির অভিযোগে হোটেলটিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ঘটনাটি ঘটে গতকাল (২০ সেপ্টেম্বর) শনিবার দুপুরে। স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী, যার মধ্যে সাংবাদিক মুসাদ্দেক আল আকিবও ছিলেন, সিঙ্গাড়া খেতে ওই রেস্টুরেন্টে যান। তবে দোকানী সরাসরি বলেন, “সিঙ্গাড়া নাই।” অথচ ঠিক পেছনেই সিঙ্গাড়া সাজানো দেখা যায়।

ক্রেতারা বিষয়টি জানার পর দোকানীর কাছে কারণ জানতে চাইলে তিনি জানান, এখন দুপুরে ভাত খাওয়ার সময়, তাই সিঙ্গাড়া বিক্রি করা যাবেনা। এ ঘটনার পর সাংবাদিক মুসাদ্দেক আল আকিব ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা শাখায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে গতকাল (২১ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে হোটেলটিকে ২ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর। তবে জরিমানার পর ক্ষোভ প্রকাশ করেন অভিযোগকারী সাংবাদিক। তিনি বলেন, লিখিত অভিযোগ করার পরেও মাত্র ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনের কী বিধান রয়েছে তা দেখে প্রয়োজনে কোর্টে মামলা করব।

চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালাই এবং সত্যতা পাই। এজন্য প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও এক‌ই দিনে শহরের তারাবন মেডিকেল হল, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং আনসার সদস্যদের একটি টিম সহযোগিতা করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর