চাঁদপুরে এমআই মমিন খানের ফ্ল্যাটে চুরি : চোর আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের ট্রাক রোড ১০ নং ওয়ার্ডে দলিল লেখক সমিতির নেতা ও কুমিল্লা রোড ব্যবসায়ী সমিতির সভাপতি এম এই মমিন খানের ফ্ল্যাটে গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে চুরি করতে গিয়ে চোরকে আটক করে মমিন খানের স্ত্রী দিলারা বেগম।

আটক চোর হাবিব সরদার, সে শরীয়তপুর জেলার ডামুড্ডা এলাকার বাসিন্দা, পিতা : সিরাজুল ইসলাম। সে বহু বছর ধরে মধ্য গুনরাজদিতে বসবাস করছে। এলাকাবাসী জানিয়েছে, হাবিব একটি সংঘবদ্ধ চক্রের সদস্য, যারা একের পর এক ফ্ল্যাট বাসায় চুরি চালিয়ে আসছিল।

রবিবার ভোরে ফ্ল্যাট মালিক এম এ মমিন খান নামাজ পড়তে বের হলে চোর হাবিব সুযোগ নিয়ে ভেতরে ঢোকে। সিসি ক্যামেরা দেখে মাথায় ছাতা চাপা দিয়ে সে রুমে প্রবেশ করে আসবাবপত্র এলোমেলো করতে থাকে। ঠিক সেই সময় আওয়াজ শুনে মালিকের ছোট মেয়ে বিষয়টি বুঝে মাকে জানায়। তৎক্ষণাৎ দিলারা বেগম, মমিন খানের স্ত্রী, সাহস নিয়ে রুমে ঢুকে চোরকে বারান্দায় দেখতে পান। কিন্তু দিলারা বেগম হার মানেননি।

দ্রুত বাইরে গিয়ে দরজায় লাগিয়ে দেন। এরপর তিনি চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে, দরজা ভেঙে হাবিবকে ধরে ফেলে।

অবশেষে খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে হাবিবকে থানায় নিয়ে যায়। এমনকি হাবিবের বাবা সিরাজুল ইসলামও স্বীকার করেছেন, ছেলের কাজ অপরাধমূলক, তার বিচার হওয়া উচিত। এই ঘটনায় প্রমাণ হলো, সাহস আর বুদ্ধিমত্তা থাকলে বিপদে পড়েও বড় ধরনের অপরাধ ঠেকানো সম্ভব। দিলারা বেগমের সেই তৎপরতায় রক্ষা পেলো পুরো পরিবার।

সম্পর্কিত খবর