
স্বপন কর্মকার মিঠুনঃ অসুস্থ পিতা কে দেখতে আসার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য রিয়াজ উদ্দিন (৩১) নিহত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাত পৌনে ১২ টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের বাগমারা-মগবাড়ি সড়কের পশ্চিমে চেঙ্গাহাটা মুখী রাস্তায় মটর সাইকেল দুর্ঘটনা ঘটনায় নিহত হন।
নিহত রিয়াজের লাশ গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ঘড়ি মন্ডলে পৌঁছলে তার অকাল মৃত্যুতে গ্রামবাসীর মধ্যে এক শোকের ছায়া নেমে আসে।
নিহতের পরিবার ও বন্ধুরা জানান, পুলিশ সদস্য রিয়াজ উদ্দিনের পিতা বেলাল হোসেন গত শুক্রবার বিকেলে বাড়ির উঠোনে পিছলে পড়ে একটি হাত ভেঙ্গে ফেলেন। বিষয়টি জানার পর ছুটি নিয়ে রিয়াজ শনিবার রাত ১১ টার পরে নিজের ব্যবহৃত মোটর সাইকেলযোগে বাগমারা-মগবাড়ি সড়ক দিয়ে বাড়ি রওনা করেন।
কর্মস্থল থেকে দুই কিলোমিটার দূরে পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাথার ও মুখে আঘাত পান।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পিতা বেলাল হোসেন জানান, ছেলে ছুটি নিয়ে আমাকে দেখতে বাড়ি আসতেছিল। আল্লাহ তাকে চিরদিনের মতো ছুটিতে পাঠালো। সবাই ছেলের জন্য দোয়া করবেন।
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, ছুটি নিয়ে পুলিশ কনস্টেবল রিয়াজ উদ্দিন বাড়ি যাচ্ছিলেন। নিজের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শনিবার রাতে তিনি প্রাণ হারান। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকতপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
নিহত রিয়াজ উদ্দিন দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক। ২০১৩ সালের ২৯ মার্চ তিনি কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। গত ১৫ আগস্ট তিনি লালমাই থানায় কম্পিউটার অপারেটর হিসেবে কাজ শুরু করেন। এর আগে তিনি সিলেট রেঞ্জের হবিগঞ্জ জেলায় কর্মরত ছিলেন।




