শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহ

শাহরাস্তি প্রতিনিধি : শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগ প্রতিরোধে ১৬০ ডোজ টিকা র‌্যাবিস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিনের বিশেষ নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

গত ২২ জুলাই জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন শাহরাস্তি উপজেলা সফরে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবৎ জলাতঙ্ক প্রতিরোধী টিকা (র‌্যাবিস ভ্যাকসিন) এবং সাপের কামড়ের প্রতিষেধক (অ্যান্টিভেনাম) সংকটের বিষয়টি তুলে ধরেন এবং প্রয়োজনীয় সরবরাহের অনুরোধ জানান। ডা. আকলিমার আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক তাৎক্ষণিক গুরুত্ব অনুধাবন করে উপজেলা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নিজস্ব বরাদ্দ থেকে জরুরি ভিত্তিতে র‌্যাবিস ভ্যাকসিন সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার, ৭ আগস্ট শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা তার কার্যালয়ে এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহানের হাতে ১৬০ ডোজ র‌্যাবিস ভ্যাকসিন তুলে দেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বিগত কয়েক মাস ধরে জলাতঙ্ক প্রতিষেধকের সংকটে রোগীরা আশপাশের উপজেলা বা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছিলেন। এখন থেকে স্থানীয় পর্যায়েই এই জরুরি চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হলো। স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিষেধক সরবরাহকে সময়োপযোগী এবং মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয় স্বাস্থ্যকর্মী ও সেবা গ্রহণকারীরা। তারা জানান, গ্রামাঞ্চলে কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক বেশি হলেও, প্রতিষেধকের অভাবে অনেকেই সময়মতো চিকিৎসা পাচ্ছিলেন না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, “স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং প্রাণঘাতী রোগ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন সব সময় প্রস্তুত। ভবিষ্যতে সাপের কামড়ের অ্যান্টিভেনাম সরবরাহের দিকেও আমরা নজর দেব।”

উপজেলা প্রশাসনের এমন জনকল্যাণমূলক উদ্যোগে স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এই ভ্যাকসিন সরবরাহের মাধ্যমে শাহরাস্তি উপজেলায় জলাতঙ্ক রোগ প্রতিরোধ ও দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সম্পর্কিত খবর