
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন (পুরান বাজার, কাঁচামাল পট্টি ও ভূষামাল পট্টি)-এর ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পুরান বাজারের বাকালী পট্টিতে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে মোট ১৩৮ জন ভোটারের মধ্যে ১১৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে আব্দুল হক সরদার (ছাতা) ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বাবলু বেপারী (চেয়ার) পেয়েছেন ৪২ ভোট। সহসভাপতি পদে আ. খালেক (মোমবাতি) ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বাচ্চু ছৈয়াল (গোলাপ) পেয়েছেন ৪৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. কাউসার দেওয়ান (হরিণ) ৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নজরুল ইসলাম নজু মিজি (গরুর গাড়ি) পেয়েছেন ৪২ ভোট। সহসাধারণ সম্পাদক পদে মো. সোহেল হাওলাদার (আম) ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সুমন কাজী (সূর্য) পেয়েছেন ১৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. রাজন তালুকদার (বাঘ) ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইব্রাহিম খলিল দেওয়ান মনু (তালা) পেয়েছেন ৪১ ভোট। কার্যকরী সদস্য পদে মো. আলম খান (টেলিফোন) ৬৪ ভোট এবং মো. মিলন খান (মোরগ) ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোকলেছুর রহমান ছৈয়াল (আনারস) পেয়েছেন ৪৩ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত : এর আগে কোষাধ্যক্ষ পদে মো. বিল্লাল সরদার, দপ্তর সম্পাদক পদে মোস্তফা, প্রচার সম্পাদক পদে মো. সুমন ঢালী এবং ক্রীড়া সম্পাদক পদে মো. খোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভারপ্রাপ্ত সভাপতি আ. হালিম শেখের তত্ত্বাবধানে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. মাহবুব আলম ছৈয়াল। তাঁকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার মো. আলমগীর খান ও সেলিম বেপারী।



