
মতলব দক্ষিণ প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কেএফটি কলেজিয়েট স্কুলের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে মতলব পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ধনারপাড় বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে দগরপুর এলাকায় কেএফটি কলেজিয়েট স্কুলের বাসের (ঢাকা মেট্রো স-১২-০১০৮) সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী দগরপুর গ্রামের সাংবাদিক মো. তপছিল হাসানের বড় ভাই মরহুম আলমগীর হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন (১৭) এবং কচুয়া উপজেলার কান্দিরপাড় গ্রামের নজরুল ইসলামের ছেলে শহীব হোসেন (১৬) গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলবাস থেকে শিক্ষার্থীরা নামার সময় বাসটি সড়কে দাঁড়িয়ে ছিল।
এ সময় দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি বাসের সঙ্গে ধাক্কা খেলে দুই কিশোর আহত হয়। আহত ইব্রাহিম সাংবাদিক মো. তপছিল হাসানের ভাতিজা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



