চাঁদপুর জেলা যুবদলের সভাপতি-সম্পাদককে কেন্দ্রীয় কমিটির শোকজ

চাঁদপুর খবর রিপোট : কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে কর্তৃত্ববহির্ভূতভাবে পৌর যুবদলের একজন সহকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত দেওয়ার অভিযোগে চাঁদপুর জেলা যুবদলের সভাপতি নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তাঁদের বিরুদ্ধে এ নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সম্মুখে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে কর্তৃত্ববহির্ভূতভাবে পৌর যুবদলের একজন সহকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নজরে এসেছে।

এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের নীতি ও শৃঙ্খলাপরিপন্থী বলে বিবেচিত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টের এ ধরনের কর্মকাণ্ডের জন্য তাঁদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে। এ ঘটনায় চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত খবর