
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুরে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আমার আপন ভাই হলেও কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো সরকারি প্রতিষ্ঠানে যেন কেউ হাত দিতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা মায়ের কোলে ভাত খেয়ে ঘুমিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দেয় কিংবা আগুন দেওয়ার পরিকল্পনা করে, তাদের চাঁদপুরে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনীকে আমাদের সহযোগিতা করতে হবে। বর্তমান সরকারের সকল কার্যক্রমের সঙ্গে আমাদের সম্পৃক্ত থাকতে হবে। আপনারা আমাদের আরও এক বছর কাজ করার সুযোগ দেন। আপনারাই আমার শক্তি, আর আপনাদের শক্তি হলাম আমি। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে এলাকার উন্নয়ন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ তুলে এমপি মানিক বলেন, বিরোধী দলের প্রধান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের মধ্যে মিল রয়েছে। কারণ, তারা দেশ ও দেশের মানুষের নিরাপত্তা এবং উন্নয়ন চান। তাই সবাই নিজ নিজ এলাকায় গিয়ে সজাগ থাকবেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের আশঙ্কা মোকাবিলা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা যদি নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে মনোনয়ন নির্ধারণ করতে না পারেন, তাহলে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হবে, যিনি আগে মনোনয়ন চাননি। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশগ্রহণ করলে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। আর যারা নির্বাচনে উদারতা দেখাবেন এবং দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্য বজায় রাখবেন, তাদের দল থেকে পুরস্কৃত করা হবে।
তিনি আরও বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে। নির্বাচনে দলের ঐক্য ও সিদ্ধান্তই হবে সবার কাছে গুরুত্বপূর্ণ। কোনোভাবেই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ চলমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু,
প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. মনিরা বেগম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, সহ-সভাপতি অ্যাড. কোহিনূর বেগম, জেলা যুবদলের সভাপতি অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ জেলা, সদর ও চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।



