
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সভাপতি পদে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর এবং সদস্য সচিব পদে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ জসিম উদ্দিন খান বাবুলকে মনোনীত করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী পরিষদের চেয়ারম্যানের অনুমতিক্রমে এই কমিটি গঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদের রুটিন দায়িত্বে নিয়োজিত নির্বাহী পরিচালক টিটন খীসা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
অনুমোদিত এডহক কমিটির পদবিন্যাস:
সভাপতি : আহমেদ জিয়াউর রহমান, জেলা প্রশাসক, চাঁদপুর, সহ-সভাপতি : মো: মিজানুর রহমান, পুলিশ সুপার, চাঁদপুর।
সদস্য : অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চাঁদপুর; উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর; জেলা ক্রীড়া অফিসার, চাঁদপুর; ডি. এম. শাহজাহান (স্থানীয় ক্রীড়াবিদ); সদস্য সচিব: জসিম উদ্দিন খান বাবুল (স্থানীয়
ক্রীড়া সংগঠক)
নব মনোনীত সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল চাঁদপুরের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি ‘নিতাইগঞ্জ ক্রীড়া চক্র’ এবং সাংস্কৃতিক সংগঠন ‘অনুপম নাট্যগোষ্ঠী’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অনুমোদিত এই এডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবে।
এদিকে কমিটি অনুমোদনের খবর প্রকাশের পর চাঁদপুরের ক্রীড়ামোদী ও সুশীল সমাজের পক্ষ থেকে নতুন কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।



