
স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা করেছে জেলা বিএনপি। গতকাল শনিবার (৭ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এ দিনটি আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হচ্ছে জনগণের দল। এ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি মহান স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা ধারণ করেই বিএনপি এগিয়ে যাচ্ছে। দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি তাঁর যোগ্য নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনার দক্ষতার মাধ্যমে বাংলাদেশসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের সক্ষমতার পরিচয় দিয়েছেন। দেশ ও জনগণের কল্যাণে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, আপনারা জানেন, ফ্যাসিবাদের দোসররা এখনো এ দেশে সক্রিয় রয়েছে। পাশাপাশি নতুন করে নব্য ফ্যাসিবাদের জন্ম হয়েছে।
পুরোনো ফ্যাসিবাদীরা নব্য ফ্যাসিবাদকে সহযোগিতা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কোনো অপশক্তি যেন আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণ, বিশৃঙ্খলা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ বরদাশত করা হবে না। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে রাজনীতি করতে হবে। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং দলের শৃঙ্খলা বজায় রাখতে হবে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
কোনো বিভেদ, হিংসা কিংবা ব্যক্তিস্বার্থ যেন দলের সাংগঠনিক শক্তিকে দুর্বল করতে না পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে কাজ করতে হবে। জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, মো. খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু ও ডি.এম. শাহজাহান; চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ; সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী; পৌর বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী,
যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী ও সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ; সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তাফাজ্জল হোসেন ও অ্যাডভোকেট জসিম মেহেদী; জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার; জেলা জাসাসের সদস্যসচিব মো. মোবারক শিকদার; জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি,
সদস্যসচিব শামসুল আরেফিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য; জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী ও সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



