
স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনির উপর রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি তার বক্তব্যে বলেন, ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল।সিপাহি-জনতার ঐক্য, দেশপ্রেম এবং জাতীয় সংহতির যে বার্তা সেদিন উচ্চারিত হয়েছিল, তা আমাদের জাতীয় ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। এই দিন আমাদের শিক্ষা দেয়—জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহস ও জাতীয় ঐক্যের আদর্শকে ধারণ করে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে আমরা সবাই একসঙ্গে কাজ করবো। চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজী, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারন সম্পাদক নুরুল আমিন খান আকাশসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।



