বাগাদী আহমাদিয়া ফাজিল মাদরাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দোয়া

স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার বাগাদী আহমাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় মাদরাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু আব্দুল্লাহ মুহাম্মাদ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও দোয়া পরিচালনা করেন বাগাদী দরবারের পীর আলহাজ্ব মাওলানা এ কে এম নেয়ামত উল্যাহ খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ড. মু. আব্দুল মান্নান, মাদরাসার গভর্নিং বডির দাতা সদস্য পীরজাদা মো. বরকত উল্যাহ খান, সহকারী অধ্যাপক গিয়াসউদ্দিন সরকার, সহকারী অধ্যাপক পীরজাদা আল্লামা মাহফুজ উল্যাহ ইউসুফী, এম. ছরওয়ারুল ইসলাম, প্রভাষক মো. হুমায়ুন কবিরসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মো. সাব্বির।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয় জীবনে ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতে হবে।

দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সম্পর্কিত খবর