
নিজস্ব প্রতিবেদক : পবিত্র উমরাহ পালনে যাত্রীদের প্রস্তুতি, সঠিক নিয়ম-কানুন ও প্রয়োজনীয় করণীয় সম্পর্কে অবহিত করতে চাঁদপুরে ‘কাবার মেহমান হজ্ব কাফেলা’র উদ্যোগে উমরাহ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় চাঁদপুর শহরের কুমিল্লা রোডে অবস্থিত ‘দি হিলশা মেডিকেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর দ্বিতীয় তলায় এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন কাফেলার পরিচালক ও মোতাওয়াল্লি মাওলানা আবু বকর সিদ্দিক। প্রশিক্ষণ সভায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে উমরাহ পালনের সঠিক নিয়ম, তাৎপর্য এবং ইহরাম অবস্থায় করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন হাফেজ মাওলানা মফিজুর রহমান, মাওলানা আহমদ উল্লাহ চাঁদপুরী, হাফেজ মাওলানা মনির হোছাইন, মাওলানা ইমরান হোসাইন, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ মাওলানা সাইফুদ্দিন ও সাংবাদিক হাসান মাহমুদ।
বক্তারা বলেন, উমরাহ পালনের মূল উদ্দেশ্য হতে হবে মহান আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর সন্তুষ্টি ও নৈকট্য অর্জন। ইহরামের নিয়ত থেকে শুরু করে তাওয়াফ ও সাঈসহ প্রতিটি আমল রাসুল (সা.)-এর সুন্নাহ অনুযায়ী যথাযথভাবে সম্পন্ন করতে হবে। ইহরাম অবস্থায় করণীয় ও বর্জনীয় বিষয় তুলে ধরে বক্তারা বলেন, এ অবস্থায় সুগন্ধি ব্যবহার এবং চুল বা নখ কাটা থেকে বিরত থাকতে হবে। পুরুষদের জন্য সেলাইযুক্ত পোশাক পরিধান নিষিদ্ধ। অন্যদিকে নারীরা শালীন ও শরিয়তসম্মত পোশাক পরিধান করে ইহরাম পালন করবেন।
এ ছাড়া সফরকালে ইবাদতে পূর্ণ মনোযোগ ধরে রাখতে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি ও অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন তাঁরা। কাফেলার পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিক জানান, আগামী ১১ নভেম্বর ৪৫ জন উমরাহযাত্রী নিয়ে তাঁদের কাফেলা পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশে যাত্রা করবে। সেখানে ১৪ দিন অবস্থান শেষে তাঁরা দেশে ফিরবেন। ইতোমধ্যে সব যাত্রীর ভিসা, টিকিটসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে তাঁরা হজ ও উমরাহ সেবা পরিচালনা করে আসছেন।
এ কাফেলার অধিকাংশ যাত্রীই চাঁদপুরের স্থানীয় বাসিন্দা। এদিকে প্রথমবারের মতো উমরাহ পালনে যাচ্ছেন চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বাসিন্দা হাসমত সৈয়াল ও হাশেম বেপারী। নিজেদের অনুভূতি ব্যক্ত করে তাঁরা বলেন, ‘কাবার মেহমান হজ্ব কাফেলার মাধ্যমে আমাদের অনেক আত্মীয়-স্বজন ইতিপূর্বে হজ ও উমরাহ পালন করেছেন। তাঁদের নির্ভরযোগ্য সেবা ও সুনাম দেখে আমরাও এবার এই কাফেলার মাধ্যমে উমরাহ পালনে যাচ্ছি।’



