
চাঁদপুর খবর রিপোর্ট: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আজ ৬ নভেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী বিশেষ সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা। আগামীকাল ৭ নভেম্বর শনিবার পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা চলবে।
‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালায় চাঁদপুর জেলার সাতটি উপজেলার প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার আমন্ত্রিত ও মনোনীত সাংবাদিকরা অংশগ্রহণ করবেন।
প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিন আজ ৬ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টায় চাঁদপুর প্রেস ক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা।
দ্বিতীয় দিন ৭ নভেম্বর শনিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত একই স্থানে প্রশিক্ষণ কার্যক্রম চলবে। এদিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার।
উভয় দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান, বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক অধ্যাপক ড. গ্রেগ সাইমনস, প্রভাষক মেহরাবুল হক এবং প্রভাষক তানভীর আহমেদ।
প্রশিক্ষণার্থীদের জন্য প্রথম দিন দুপুরের খাবার এবং দ্বিতীয় দিন সকালের নাশতা ও দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে। এ ছাড়া বিকেলের নাশতারও ব্যবস্থা রাখা হয়েছে। খাবার পরিবেশন করা হবে এলিট চাইনিজ রেস্টুরেন্টে।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ এক ঘোষণায় জানান, এ প্রশিক্ষণ কর্মশালায় চাঁদপুর প্রেস ক্লাব কর্তৃক আমন্ত্রিত ও মনোনীত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাই অংশগ্রহণ করবেন। তাঁরা মনোনীত সকল প্রশিক্ষণার্থীকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।



