নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণে চাঁদপুর জেলা প্রশাসনের নির্দেশ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের সৌন্দর্য পরিচ্ছন্নতা ও নান্দনিকতা রক্ষায় যত্রতত্র পোস্টার বা লিফলেট লাগানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।

সরকারি-বেসরকারি স্থাপনা, বৈদ্যুতিক খুঁটি ও দেওয়ালে যত্রতত্র পোস্টার না লাগানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ইতোমধ্যে লাগানো অবৈধ পোস্টারগুলো নিজ দায়িত্বে অপসারণের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের দেওয়াল, বাসাবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীর, বৈদ্যুতিক খুঁটি, গাছ, সড়ক বিভাজক, সেতু, কালভার্টসহ যে কোনো সরকারি-বেসরকারি স্থাপনা এবং অনুমোদনহীন স্থানে পোস্টার বা ব্যানার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ। আইনের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২’ অনুযায়ী নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও।

পোস্টার বা বিজ্ঞাপন লাগানো একটি দণ্ডনীয় অপরাধ। ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক কিংবা বাণিজ্যিক প্রচারণার উদ্দেশ্যে যেসব পোস্টার ইতিমধ্যে বিনা অনুমতিতে বিভিন্ন স্থানে লাগানো হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি, সংগঠন, বিভিন্ন অনুষ্ঠান কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানসমূহকে তা নিজ দায়িত্বে দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়েছে।

অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। শহরের পরিচ্ছন্নতা রক্ষা করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব উল্লেখ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক চাঁদপুর শহর গড়ে তোলা সম্ভব।

সম্পর্কিত খবর