চাঁদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধণে অংশ নিল কয়েক শতাধিক শিক্ষার্থী

মহসিন হোসাইন : চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় চাঁদপুরেও এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা,

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন বাহার এবং জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিনসহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কয়েক শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

তাদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, তাদের সুপ্ত ক্রীড়া প্রতিভার বিকাশ এবং ভবিষ্যতের দক্ষ খেলোয়াড় গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। অভিভাবক ও শিক্ষকরা জানান, সারাদেশে একযোগে উদ্বোধন হওয়া এ ক্রীড়া আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে উৎসাহিত হবে।

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠানের উদ্বোধন শেষে বর্ণাঢ্য র‍্যালি ও সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। উল্লেখ্য, সারাদেশের প্রায় ৮০০টি উপজেলায় অনলাইনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্পর্কিত খবর