
চাঁদপুর খবর রিপোর্ট: ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার(৫ নভেম্বর ২০২৬ খ্রি.) চাঁদপুর প্রেস ক্লাবের (তৃতীয় তলা) মিলনায়তনে আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য দ্বিতীয়বারের মতো দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও সাধারণ স্বাস্থ্যসেবা ক্যাম্প সফলভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর বিএনএসবি মাজহারুল হক চক্ষু হাসপাতাল এবং চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট মেডিকেল টিমের সদস্যদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।
কৃতজ্ঞতায় তিনি জানান, সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবায় তাদের আন্তরিক সহযোগিতা, পেশাদারত্ব ও মানবিক অংশগ্রহণ আমাদের আয়োজনকে সার্থক করেছে। আপনাদের মূল্যবান সময় ও সেবামূলক মনোভাবের প্রতি চাঁদপুর প্রেস ক্লাব গভীরভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি। কৃতজ্ঞতায়, সোহেল রুশদী, সভাপতি :চাঁদপুর প্রেস ক্লাব। এম এ লতিফ, সাধারণ সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাব।



