ফরিদগঞ্জে চিকিৎসকের সীমানাপ্রাচীর ভাঙচুর ও রাস্তা বন্ধের অভিযোগ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক হোমিও চিকিৎসককে হয়রানি, নির্মাণাধীন সীমানাপ্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এমনকি তাঁর চিকিৎসাপ্রতিষ্ঠানে আসা রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

চলাচলের রাস্তায় ময়লা-আবর্জনার স্তূপ ও টয়লেটের পাইপ স্থাপন করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী চিকিৎসক মো. মাইন উদ্দিন (৩৮)।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চররনবলিয়া গ্রামের বয়াতী বাড়ির বাসিন্দা মাইন উদ্দিনের সঙ্গে একই এলাকার শাহাব উদ্দিন, ইউপি সদস্য আলী আকবর ওরফে স্বপন, শাহ আলম, জাকির হোসেন ও মনির হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা এলাকায় সরকারি সম্পত্তিও ভোগদখল করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর নিজের সম্পত্তিতে সীমানাপ্রাচীর নির্মাণের সময় অভিযুক্তরা তা ভাঙচুর করেন। বাধা দিতে গেলে তাঁকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মাইন উদ্দিন নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাসহ অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চলতি বছরের জুলাই মাসে চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা নম্বর ৬৫৮/২৬। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এ ছাড়া গত ৬ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্তরা সড়ক ও জনপথ বিভাগের জায়গায় ভবন, মার্কেট এবং ব্রিজের নিচে দোকানঘর ও টয়লেটের ট্যাংক নির্মাণ করেছেন। পাশাপাশি সরকারি চলাচলের রাস্তার ওপর ইটের প্রাচীর নির্মাণ করায় কয়েকশ একর কৃষিজমিতে যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে।

এতে কৃষিযন্ত্র নিয়ে মাঠে যেতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। স্থানীয় বাসিন্দারা সরকারি সম্পত্তি উদ্ধারে অবৈধ স্থাপনা ও প্রাচীর অপসারণ এবং কৃষকদের চলাচলের রাস্তা উন্মুক্ত করার দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আলী আকবর জানান, যারা সরকারি সম্পত্তি দখল করেছেন, তিনি জনস্বার্থে তাঁদের পক্ষে নন। সরকারি সম্পত্তি উদ্ধারে প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

সম্পর্কিত খবর