
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আবাসিক ঘরে অবৈধভাবে ক্ষতিকর দাঁতের মাজন তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরানের নেতৃত্বে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, ওয়্যারলেস বাজার ও তরপুরচণ্ডী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী পণ্যের মোড়কে যথাযথভাবে নাম-ঠিকানা উল্লেখ না করা, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই আবাসিক ঘরে মেশিন বসিয়ে প্লাস্টিকের বোতলে ভরে মাজন তৈরি ও বিক্রির সত্যতা পাওয়া যায়।
এর দায়ে রিফাত নিম মাজন’ ও ‘রিয়াদ দাঁতের মাজন নামের দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা না করার মুচলেকা দেয়।
অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকার অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং সাধারণ মানুষের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া শহরের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ‘১০০ টাকায় বিরিয়ানি ও খিচুড়ি’ বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোও পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে ভোক্তা অধিকারের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।



