
স্টাফ রিপোর্টার : শব্দদূষণ নিয়ন্ত্রণে চাঁদপুরে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ৭টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করার পাশাপাশি বিভিন্ন যানবাহনকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) চাঁদপুর শহরের ওয়াপদা গেট এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। অভিযানকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(১) বিধি লঙ্ঘনের দায়ে দুটি ‘বোগদাদ পরিবহন, তিনটি আইদি পরিবহন’ এবং একটি ট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় গাড়িগুলো থেকে ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং বিভিন্ন অংকে মোট ২৪ হাজার টাকা জরিমানা ধার্থ করে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে চাঁদপুর সদর মডেল থানার একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। এছাড়া চালক ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন যানবাহনে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, ‘শব্দদূষণ মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্নের ব্যবহার রোধ এবং পরিবেশ সুরক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
শব্দদূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।



