চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলিম পরীক্ষার ফলাফল পর্যালোচনা সভা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলার ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফল মূল্যায়ন এবং আগামী শিক্ষাবর্ষে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে করণীয় নির্ধারণে পর্যালোচনা সভা গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভায় ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলের বিস্তারিত উপাত্ত উপস্থাপন করা হয়। এতে দেখা যায়, এ বছর জেলার তিনটি মাদ্রাসায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে। প্রতিষ্ঠানগুলো হলো—নেছারাবাদ ছালেহিয়া ফাযিল মাদ্রাসা, হাজীগঞ্জ; সাদ্রা হামিদিয়া ফাযিল মাদ্রাসা, হাজীগঞ্জ এবং বাকিলা ফাযিল মাদ্রাসা, হাজীগঞ্জ।

শতভাগ পাস করা মাদ্রাসাগুলোর সাফল্যে সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের সাফল্যের কারণ এবং অন্যান্য মাদ্রাসার ফলাফলের দুর্বলতার জায়গাগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। সভায় জেলার মাদ্রাসাগুলোতে শিক্ষার মান আরও উন্নত করা এবং শিক্ষকদের কোচিং বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ততা বন্ধে কঠোর নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।

শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপস্থিত শিক্ষকরা শিক্ষার মানোন্নয়নে তাঁদের মূল্যবান মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। এর মধ্যে শ্রেণিকক্ষে পাঠদান আরও কার্যকর করা, মাদ্রাসায় আইসিটি শিক্ষার মান বৃদ্ধি, ইংরেজি ও গণিত বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে পাঠদান এবং শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম নিয়মিত মনিটরিংয়ের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। সভায় আশা প্রকাশ করা হয়, জেলা প্রশাসন, মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে চাঁদপুরের মাদ্রাসাগুলো পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জনের পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে আরও এগিয়ে যাবে।

সভায় উপস্থত ছিলেন,চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুন নাহার ও চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহসহ মাদ্রাসার অধ্যক্ষ বৃন্দ।

সম্পর্কিত খবর