চাঁদপুরের ৭ কলেজে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু

চাঁদপুর খবর রিপোর্ট : জননিরাপত্তা নিশ্চিতকরণ, আর্থসামাজিক উন্নয়ন ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাঁদপুর জেলার সাতটি উপজেলার সাতটি কলেজে একযোগে শুরু হয়েছে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে গত ১ নভেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে সাতটি কলেজের সর্বমোট ৪৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে কলেজপড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ ও স্বেচ্ছাসেবী মনোভাব বিকাশের পাশাপাশি দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

১০ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জননিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা, দুর্যোগ মোকাবিলা, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অংশগ্রহণের বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করা হচ্ছে।

পাশাপাশি যুবসমাজের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আধুনিক কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জন এবং বৈদেশিক কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কেও শিক্ষার্থীদের সচেতন করা হচ্ছে।

এ প্রশিক্ষণের মাধ্যমে কলেজ শিক্ষার্থীদের সুসংগঠিত, দক্ষ ও দেশপ্রেমিক জনসম্পদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জননিরাপত্তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ যুবসমাজকে ইতিবাচক ও উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সূত্র: জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চাঁদপুর।

সম্পর্কিত খবর