ইব্রাহীমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইসমাইল বহিষ্কার

চাঁদপুর খবর রিপোর্ট : দলের নাম ভাঙিয়ে সরকারি খাসজমি দখল ও চাঁদাবাজির অভিযোগে চাঁদপুর সদর উপজেলার ১১ নম্বর ইব্রাহীমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল তালুকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালীর স্বাক্ষরিত এক বহিষ্কারপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, দলের নাম ভাঙিয়ে সরকারি খাসজমি দখল ও চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং এ ধরনের কর্মকাণ্ড দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থী বিবেচিত হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্তটি স্বাক্ষরের তারিখ থেকে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

বহিষ্কারপত্রের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিমের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বহিষ্কৃত নেতা মো. ইসমাইল তালুকদারের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

সম্পর্কিত খবর