নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি করায় চাঁদপুরে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট ও লঞ্চঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রি ও মজুদ করার দায়ে আটটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একই অভিযানে প্রতিষ্ঠানগুলো থেকে প্রায় ৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে শহরের বড় স্টেশন মাছঘাট ও লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করে ইলিশ মাছ বিক্রি ও মজুদ করার দায়ে বড় স্টেশন এলাকার ‘হিলশা কিচেন’, ‘মেজবান হোটেল’, ‘দেলোয়ার হোটেল’সহ মোট আটটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়। এ সময় জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, চাঁদপুর মডেল থানা পুলিশের একটি দলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় পরিচালিত এ অভিযানে জব্দ করা ৯৫ কেজি মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, মা ইলিশ রক্ষা এবং অবৈধভাবে ইলিশ আহরণ, বিক্রি ও মজুদ বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু তৎপরতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর