পাইকদী-ভাটেরগাঁওয়ে মাদক নির্মূলে মতবিনিময় : গঠিত হচ্ছে সামাজিক প্রতিরোধ কমিটি

চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী ও ভাটেরগাঁও গ্রামে মাদক নির্মূলের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদকের বিস্তার রোধ, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ে এ সভার আয়োজন করা হয়। সভা শেষে মাদকবিরোধী মিছিল নিয়ে মোল্লা বাজার পর্যন্ত যান এলাকাবাসী। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে আগামীকাল শনিবার (১০ অক্টোবর) র‍্যালি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার ২৮ নং পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাফেজ তানভীর হোসাইনের পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পাইকদী ও ভাটেরগাঁও গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় এলাকার মাদক পরিস্থিতি, মাদক প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও। মাদকের কারণে তরুণদের স্বাভাবিক জীবন ব্যাহত হওয়ার পাশাপাশি পারিবারিক অশান্তি ও সামাজিক অবক্ষয়ের ঝুঁকি বাড়ে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাদকসংক্রান্ত তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো এবং আইনসম্মত উপায়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এ সময় মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও সুসংগঠিত করতে ‘পাইকদী ভাটেরগাঁও মাদক নির্মূল কমিটি’ গঠনের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে ১৫ জনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে উপদেষ্টাদের উদ্যোগে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় জানানো হয়।

উপদেষ্টা হিসেবে মনোনীত ব্যক্তিরা হলেন—কামাল হোসেন মিজি, শফিক কবিরাজ, সোহাগ মেম্বার, সালমান, আলাউদ্দিন, অলক পাটোয়ারী, হেলাল খান, মাওলানা বিলাল হোসাইন, রহিম ভূঁইয়া, মানিক স্যার, সুমন খান, সুমন গাজী, আলী বেপারী, শরিফ পাটোয়ারী ও মহসিন খান।

মতবিনিময় সভা শেষে উপস্থিত এলাকাবাসী মাদকবিরোধী মিছিল নিয়ে মোল্লা বাজার পর্যন্ত যান। এ সময় তাঁরা মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। এ ছাড়া মাদকবিরোধী কার্যক্রমে আরও বেশি মানুষকে সম্পৃক্ত করতে আগামীকাল শনিবার র‍্যালি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এলাকাবাসীর প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ, সামাজিক প্রতিরোধ ও নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে পাইকদী ও ভাটেরগাঁওয়ে মাদকবিরোধী আন্দোলন আরও জোরদার হবে। স্থানীয় মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এলাকায় মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে মনে করছেন তাঁরা।

সম্পর্কিত খবর