চাঁদপুরে ‘বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৬’

চাঁদপুর খবর রিপোর্ট : ‘বিজ্ঞানে যুক্তি, বিজ্ঞানে মুক্তি’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে ‘বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৬’।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে জেলা সুহৃদ সমাবেশের আয়োজনে দিনব্যাপী এ প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ।

এছাড়া বিজয়ী দলের সেরা বক্তা নির্বাচিত হন সাইরা ইসলাম বহরদার। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান হলো—হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় এবং পুরান বাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়।

বিজ্ঞান বিতর্ক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, “বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে।

সমকাল সারাদেশে এ ধরনের আয়োজন করে আসছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে শিক্ষার্থীরা বিজ্ঞানচর্চায় আরও এগিয়ে যাবে।” তিনি বলেন, বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা অনেক বেশি এগিয়ে রয়েছে, যা অত্যন্ত আনন্দের সংবাদ। একই সঙ্গে ছেলেদেরও এ ধরনের কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার পাশাপাশি যুক্তিবাদী হওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।

জেলা সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মো. খায়রুল আহ্ছান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. ইকবালুর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী হাসেম। এর আগে সকালে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইকবালুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়ন শিশু একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সুহৃদ সমাবেশের সহ-সভাপতি মো. মহিবুর রহমান খান, আবু সায়েমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চাঁদপুর মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, জাতীয় টেলিভিশন বিতার্কিক মো. জিহাদুল ইসলাম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. তাহসিন বায়েজিদ মুন্সী এবং সাবেক বিতার্কিক ও বিচারক মিঠুন চন্দ্র ত্রিপুরা।

মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক বিতার্কিক রিয়াজ রহমান রিফাত। প্রতিযোগিতা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দৈনিক সমকালের চাঁদপুর প্রতিনিধি ইকবাল হোসেন পাটোয়ারী।

সম্পর্কিত খবর