
নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে চাঁদপুরে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর পুলিশ অফিসের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
সভায় জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজা চলাকালীন করণীয় এবং সংশ্লিষ্টদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতামত ও বিভিন্ন সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। পূজার আগে, পূজা চলাকালীন এবং বিসর্জনের সময় পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকেও নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষসহ জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




