
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে বসতবাড়িতে গর্ত করে গরুর বর্জ্য ফেলে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতা সৃষ্টির দায়ে নাজির গাজী নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ অক্টোবর ২০২৬) পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে জেলার নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি উন্মুক্তভাবে বসতবাড়িতে গর্ত করে গরুর বর্জ্য অপসারণ করছিলেন। পরে ওই বর্জ্যের পানি উপচে বৃষ্টির পানির সঙ্গে মিশে সংলগ্ন নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি এবং পরিবেশ দূষণ করছিল। এ ঘটনায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী নাজির গাজীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অপসারিত বর্জ্য পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনার জন্য খামারিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন।অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




