
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকা, লাইসেন্স ছাড়া ফুড সাপ্লিমেন্ট ও ক্যালসিয়াম বিক্রি এবং কলায় ক্ষতিকর রাসায়নিক প্রয়োগের অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর ২০২৬) চাঁদপুর শহরের চৌধুরীঘাট, মদিনা শপিং কমপ্লেক্স ও জে এম সেনগুপ্ত রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযান সূত্রে জানা যায়, বিধিনিষেধ অমান্য ও অনিয়ম করায় রেড রোজ কসমেটিকসকে ১৫ হাজার টাকা, মেসার্স ভাই ভাই স্টোরকে ১০ হাজার টাকা এবং আলম খানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।
অভিযানকালে বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের সচেতন করা হয় এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সার্বিক কার্যক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহযোগিতা করে। অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, জনস্বার্থে ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।



