নিজ ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে পশ্চিম সাপদীতে প্রাণ গেল যুবকের

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে নিজ ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুল্লাহ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) রাত ৮টার দিকে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সাপদী গ্রামের সেফায়েত উল্লাহর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিবুল্লাহ ওই বাড়ির সেফায়েত উল্লাহর একমাত্র ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগানোর কাজ করছিলেন হাসিবুল্লাহ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসিবুল্লাহকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসিবুল্লাহর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত খবর