ইব্রাহীমপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বিল্লাল গাজীকে অব্যাহতি

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহীমপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. বিল্লাল গাজীকে দলীয় সকল পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালীর স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ১ অক্টোবর অনুষ্ঠিত ইব্রাহীমপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় মো. বিল্লাল গাজী উচ্ছৃঙ্খল আচরণ ও সংগঠনবিরোধী বক্তব্য দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

এতে জনসম্মুখে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে চিঠিতে দাবি করা হয়। এছাড়া চিঠিতে তার বিরুদ্ধে ইতোপূর্বে মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ার দাবিও করা হয়েছে। সংগঠনবিরোধী কর্মকাণ্ড, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, অব্যাহতির এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালীর স্বাক্ষরিত চিঠিটি সংশ্লিষ্ট নেতার কাছে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর