স্পোর্টসের আড্ডায় ইলিশের বাড়ি : চাঁদপুরে ঢাকা স্পোর্টস ব্যবসায়ীদের মিলনমেলা

চাঁদপুর খবর রিপোর্ট: ব্যস্ত ইট-কাঠের শহর ঢাকা আর প্রতিদিনের জমজমাট বেচাকেনার ব্যস্ততাকে সাময়িক ছুটি জানিয়ে নদী, প্রকৃতি আর মাটির টানে চাঁদপুরে ঘুরে গেলেন ঢাকাস্থ স্পোর্টস সামগ্রী ব্যবসায়ীরা। রাজধানী ঢাকার ক্রীড়াপণ্য ব্যবসায়ীদের সংগঠন ও বিভিন্ন মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ীদের অংশগ্রহণে ইলিশের বাড়ি চাঁদপুরে অনুষ্ঠিত হলো এক স্মরণীয় ও উৎসবমুখর আনন্দ ভ্রমণ। শুক্রবার (২ অক্টোবর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ সফরটি পরিণত হয় ঢাকার স্পোর্টস ব্যবসায়ীদের এক প্রাণবন্ত মিলনমেলায়।

শুক্রবার সকালে রাজধানী থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন ব্যবসায়ীরা। মেঘনা ব্রিজ, দাউদকান্দি-গোমতী নদী ব্রিজ, শ্রীরায়েরচর ও মতলব বেড়িবাঁধ সড়কজুড়ে যাত্রাপথেই শুরু হয় আড্ডা ও স্মৃতিচারণ। চাঁদপুরে পৌঁছে তারা জেলার বিভিন্ন দৃষ্টিনন্দন ও ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

এরপর দুপুরে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী জমাদার বাড়ি জামে মসজিদে সবাই একসঙ্গে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে হানারচর ইউনিয়নের হরিনা বাজারসংলগ্ন ঢাকার স্পোর্টস সামগ্রী ব্যবসায়ী মিন্টু বেপারীর দৃষ্টিনন্দন বাড়ির মনোরম পরিবেশে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন তারা। এ সময় চাঁদপুরের বিখ্যাত তাজা ইলিশের স্বাদ ও লোকজ আতিথেয়তা উপভোগ করেন অতিথিরা।

আনন্দ ভ্রমণের এ বিশেষ মুহূর্তে ট্রেড সেন্টার স্পোর্টস ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মো. আবুল কালাম জমাদ্দারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত মতবিনিময় ও সৌহার্দ্য সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান স্পোর্টসের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গনি খান। বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাসিক স্পোর্টসের ইমাম হোসেন বাবুল, জয় স্পোর্টসের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন বাবুল এবং স্টার স্পোর্টসের শফিকুর রহমান জমাদার।

এ সময় ব্যবসায়িক ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, “ব্যবসায়িক ক্লান্তি দূর করে সহকর্মীদের সঙ্গে প্রকৃতির কাছাকাছি কিছুটা সময় কাটানো কাজের গতি বহুগুণ বাড়িয়ে দেয়। নদী ও প্রকৃতির সান্নিধ্যে আজকের এ মিলনমেলা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।”

দিনব্যাপী এ উৎসবমুখর ভ্রমণে অন্যান্যদের মধ্যে প্রাণবন্ত উপস্থিতি ছিল—

হলমার্ক স্পোর্টস মার্কেট: ওয়ান স্পোর্টসের আব্দুল মতিন বাবুল ভূঁইয়া।

টুইন টাওয়ার স্পোর্টস মার্কেট: মিজান স্পোর্টসের মিজানুর রহমান ভূঁইয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন মেহরাব স্পোর্টসের মো. রিপন, ডিএম স্পোর্টসের মো. মুরাদ, ঐশী স্পোর্টসের মো. মনির, মামা খেলাঘরের মো. মিঠু, সম্রাট স্পোর্টসের সাহেব আলী, চাঁদপুর স্পোর্টসের মাসুদ, তাজ স্পোর্টসের মাসুম, জার্সি প্রিন্টিং ব্যবসায়ী বাবু, ফারুক স্পোর্টসের মনির খান, ট্রফি প্রস্তুতকারী উদ্যোক্তা মামুন, রোহান স্পোর্টসের আবু সুফিয়ান এবং চাঁদপুর এশিয়ান স্পোর্টসের মুক্তার হোসেনসহ ঢাকার ক্রীড়া সামগ্রী খাতের বিশিষ্ট নেতৃবৃন্দ।

হরিনা ফেরিঘাটে মেঘনা নদীতীরের হিমেল বাতাস, জমজমাট আড্ডা, হাসি-ঠাট্টা আর ফটোসেশনের আনন্দঘন স্মৃতি নিয়ে সন্ধ্যায় পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন সফরকারীরা।

প্রতিদিনের কর্মব্যস্ততায় ফেরার আগে একদিনের নদী ও সড়কের ছোঁয়া এবং ইলিশের স্বাদ তাদের মনে ছড়িয়ে দিয়ে গেল এক দারুণ রিফ্রেশমেন্ট ও অটুট বন্ধনের মিষ্টি স্মৃতি।

সম্পর্কিত খবর