হাইমচরে অটোরিকশা চুরির সময় হাতেনাতে আটক-২

হাইমচর প্রতিনিধি: চাঁদপুরের হাইমচর উপজেলায় অটোরিকশা চুরির সময় স্থানীয় জনতার হাতে দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের হাইমচর থানা পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

গত ১ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ২ নম্বর আলগী উত্তর ইউনিয়নের মহজমপুর গ্রামে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজীর বাড়ির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে উপজেলার সদর আলগী বাজার ও আশপাশের এলাকায় অটোরিকশা এবং অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনা ঘটত। ঘটনার রাতে মহজমপুর এলাকা থেকে অটোরিকশার ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা দুইজনকে আটক করে এলাকায় নিয়ে আসেন। পরে স্থানীয়রা আটক দুইজনকে হাইমচর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটক ব্যক্তিরা হলেন—হাইমচর উপজেলার লামছড়ি গ্রামের মৃত মজুল হকের ছেলে মো. মেহেদী হাসান এবং ব্রাহ্মণবাড়িয়ার ইদান মিয়ার ছেলে আবুল হোসেন। এ বিষয়ে হাইমচর থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।

সম্পর্কিত খবর