চাঁদপুরে ‘কালেক্টরেট মিউজিক একাডেমি’র বর্ণাঢ্য উদ্বোধন

চাঁদপুর খবর রিপোর্ট: শুদ্ধ সংগীতচর্চা ও সাংস্কৃতিক বিকাশকে ত্বরান্বিত করতে চাঁদপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘কালেক্টরেট মিউজিক একাডেমি’।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে একাডেমিটির শুভ উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, “চাঁদপুর বরাবরই সংস্কৃতি ও গুণী মানুষের চারণভূমি। নতুন প্রজন্মের মাঝে শুদ্ধ ও ঐতিহ্যবাহী সংগীতের চেতনা ছড়িয়ে দিতে এবং তাদের অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ ধারার মননশীল মানুষ হিসেবে গড়ে তুলতে এই একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জেলা প্রশাসনের এই উদ্যোগ চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।”

তিনি আরও বলেন, “এই প্রতিষ্ঠান বিষয়ভিত্তিক প্রশিক্ষণের জন্য সব শিক্ষার্থী ও সব বয়সী মানুষের জন্য উন্মুক্ত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ও রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিটন ভূঁইয়া, রফিক আহমেদ মিন্টু, সময় টিভির চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

অনুষ্ঠানে উপস্থিত সুধীজনেরা জেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, একটি মেধাবী ও সুস্থ সমাজ গঠনে সংস্কৃতির কোনো বিকল্প নেই। ‘কালেক্টরেট মিউজিক একাডেমি’ চাঁদপুরের তরুণ ও উদীয়মান সংগীতশিল্পীদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে আনতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, ‘কালেক্টরেট মিউজিক একাডেমি’তে আধুনিক সুযোগ-সুবিধাসহ অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে শুদ্ধ সংগীত, চিত্রাঙ্কন, আবৃত্তি, নৃত্য ও তবলা প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

সম্পর্কিত খবর