
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে। গত তিন দিন কিছুটা অসুস্থ থাকলেও এখন তিনি সুস্থ বোধ করছেন বলে জানিয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, তিনি গত তিন দিন ধরে কিছুটা অসুস্থ ছিলেন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। সবার দোয়া ও বরকতে ইনশাআল্লাহ আগামীকাল দেশে এসে পৌঁছাবেন বলেও জানান তিনি।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “আসসালামু আলাইকুম। আমি গত তিন দিন যাবৎ একটু অসুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ, এখন আমার শরীরের অবস্থা ভালো। আপনাদের দোয়া ও বরকতে ইনশাআল্লাহ আগামীকাল দেশে এসে পৌঁছাব। সবাই আমার জন্য দোয়া করবেন।”
এদিকে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ ফরিদ আহম্মেদ মানিক গুরুতর অসুস্থ—এমন খবর ছড়িয়ে পড়ে। পরে চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাওন পাটোয়ার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়, শেখ ফরিদ আহম্মেদ মানিক সুস্থ আছেন এবং ব্যবসায়িক কাজে বিদেশে অবস্থান করছেন। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া অসুস্থতার খবর প্রচার না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়।
তবে শেখ ফরিদ আহম্মেদ মানিকের নিজের দেওয়া সর্বশেষ স্ট্যাটাসে তিনি গত তিন দিন অসুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো এবং আগামীকাল দেশে ফেরার কথা জানিয়েছেন।
এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টের পরিবর্তে তার নিজের দেওয়া বক্তব্যকেই সর্বশেষ তথ্য হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।




