চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জীবনের শেষ পর্যায়ে এসে যেন কোনো প্রবীণ একাকিত্ব, অবহেলা বা অনিরাপত্তায় না ভোগেন, সে বিষয়ে পরিবার ও সমাজকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। সকল পরিবারে প্রবীণদের সঙ্গে শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল আচরণ করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সিভিল সার্জন ডা. এমজি ফারুক ভূঁইয়াসহ অন্যান্যরা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক বলেন, প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞান নতুন প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ। তাদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক প্রশান্তির বিষয়েও পরিবারের সদস্যদের নজর দিতে হবে।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, পরিসংখ্যান অনুযায়ী চাঁদপুর জেলায় ১ লাখ ২২ হাজার ১৪৮ জন বয়স্ক ভাতা পাচ্ছেন। আমরা চাই চাঁদপুরে বয়স্ক ভাতার আওতা আরও বাড়ানো হোক। আমরা প্রবীণদের শ্রদ্ধা করব। আপনাদের যেকোনো দাবি-দাওয়া আমরা গণমাধ্যমের মাধ্যমে সরকারের কাছে উপস্থাপন করব। আপনারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবেন। চাঁদপুর প্রেস ক্লাব আপনাদের পাশে আছে। চাঁদপুর জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ও আপনাদের পাশে আছে।

সাবেক সিভিল সার্জন ডা. এমজি ফারুক ভূঁইয়া বলেন, প্রবীণদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে, পরিমিত ও পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে এবং নিয়মিত হাঁটা ও হালকা ব্যায়াম করতে হবে। পাশাপাশি মানসিক চাপ কমিয়ে পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটাতে হবে।

এ সময় সভায় আরও বক্তব্য রাখেন ও অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সলসহ প্রবীণ ব্যক্তি ও সংশ্লিষ্টরা।

বক্তারা প্রবীণদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সম্পর্কিত খবর