
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক সহায়তা ও অনুদান প্রদানের লক্ষ্যে আবেদনকারী অসুস্থ, অস্বচ্ছল ও দুঃস্থ সাংবাদিকদের আবেদন ও কাগজপত্র যাচাই-বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কিংবা বার্ধক্যজনিত কারণে জটিল রোগে আক্রান্ত হয়ে জেলার অনেক প্রবীণ ও কর্মরত সাংবাদিক বর্তমানে আর্থিক সংকটে রয়েছেন। তাঁদের এই দুঃসময়ে সরকারের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ হলো সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আবেদনগুলো যাতে যথাযথভাবে বিবেচনা করা হয়, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
চাঁদপুর জেলা তথ্য অফিসার রহিমা আক্তারের পরিচালনায় সভায় অংশগ্রহণ করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সফি উদ্দিন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি ও সহকারী অধ্যাপক মো. মহসিন আরাফাতসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।



