
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুরের পরিবহন প্রতিষ্ঠান পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেডের পরিচালক মোঃ ফেরদাউস আলম বাবুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগে সোমবার (২৬ অক্টোবর ২০২৬) চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১৫২৩ এবং ট্র্যাকিং নম্বর HWQRZI।
জিডিতে ফেরদাউস আলম বাবু উল্লেখ করেন, তিনি দীর্ঘ ২২ বছর ধরে চাঁদপুর-ঢাকা সড়কপথে যাত্রীসেবা প্রদানকারী পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেডের অন্যতম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ৪৯টি বাস রয়েছে। আবেদনে তিনি আরও উল্লেখ করেন, আনুমানিক পাঁচ-ছয় বছর আগে সুমন মিজি তাঁর গাড়ি পদ্মা এক্সক্লুসিভের বহরে অন্তর্ভুক্ত করার অনুমতি চান। পরবর্তীতে প্রতিষ্ঠানের নিয়মকানুন অমান্য করে রুট পরিবর্তনসহ বিভিন্ন অনিয়মে জড়ানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগও আবেদনে উল্লেখ করা হয়েছে।
জিডির অভিযোগ অনুযায়ী, সম্প্রতি সুমন মিজি প্রতিষ্ঠানের নির্ধারিত ও অনুমোদিত বাসের পরিবর্তে টাটা কোম্পানির বাস ব্যবহার করে পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেডের নাম ও ব্র্যান্ড ব্যবহার করে চাঁদপুর-ঢাকা রুটে এবং শাহরাস্তি ও মুদাফফরগঞ্জ এলাকা থেকে বাস পরিচালনা করছেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিষ্ঠানগত ব্যবস্থা নেওয়ায় তিনি ক্ষুব্ধ হন বলে অভিযোগ করেন ফেরদাউস আলম বাবু।
আবেদনে বলা হয়, গত ২২ অক্টোবর থেকে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফর্মে ফেরদাউস আলম বাবুকে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। এ-সংক্রান্ত কয়েকটি ফেসবুক লিংকও জিডির আবেদনে সংযুক্ত করা হয়েছে।
ফেরদাউস আলম বাবুর দাবি, এসব প্রচারণার কারণে তাঁর ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হচ্ছে। পাশাপাশি ব্যবসা পরিচালনার ক্ষেত্রেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ভবিষ্যতে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানান তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুমন মিজির বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।



