চাঁদপুরে প্রতারক মুনসুর আলীকে জেলা কারাগারে প্রেরণ

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুরে পুলিশ কর্মকর্তা পরিচয়ে এক প্রবাসী নারীর সঙ্গে সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক মুনসুর আলীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত মুনসুর আলী চাঁদপুর সদর উপজেলার ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুলতান মিজির ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে মুনসুর আলীর সঙ্গে ওই দুবাইপ্রবাসী নারীর পরিচয় হয়। এ সময় মুনসুর নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে তাঁর ছেলেকে খুঁজে দেওয়ার আশ্বাস দেন। পরবর্তী সময়ে মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ওই নারীকে হোটেলের কক্ষ, লঞ্চের কেবিন ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে নিয়ে যান মুনসুর। পরে বিয়ের জন্য বাসা ভাড়া ও আসবাবপত্র কেনার কথা বলে তাঁর কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা নেন। এ ছাড়া প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার এবং বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগ পাওয়ার পর চাঁদপুর সদর মডেল থানা পুলিশ মুনসুরকে আটকের উদ্যোগ নেয়। পরে ওই নারীর সঙ্গে ফোনে যোগাযোগ করে বিয়ের প্রস্তাব দেন মুনসুর। পুলিশের পরিকল্পনা অনুযায়ী তাঁকে চাঁদপুর সেতুর কাছে আসতে বলা হয়। সেখানে অভিযান চালিয়ে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) গাজী কালামসহ পুলিশের সদস্যরা তাঁকে আটক করেন।

পুলিশের দাবি, এর আগেও নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন মুনসুর আলী। তাঁর বিরুদ্ধে আগের কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতের মাধ্যমে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সম্পর্কিত খবর