
স্টাফ রিপোর্টার : প্রতি সপ্তাহে শুক্রবার চাঁদপুর সদর এবং শনিবার হাইমচর উপজেলার সাধারণ জনগণের সঙ্গে সাক্ষাৎ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
শুক্রবার (৯ অক্টোবর) সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎকালে সাংবাদিকদেরকে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জনগণ বিপুল ম্যান্ডেট দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, যেহেতু বিএনপি জনগণের দল, তাই আমাদের সব সংসদ সদস্যকে জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। তাই আমি চেষ্টা করি সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে।
সব মানুষ তো আর আসতে পারেন না। তবে যাঁরাই আসেন, তাঁদের কথাগুলো শোনার চেষ্টা করি এবং সমাধানেরও চেষ্টা করি, যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়। শনিবারে মাঝেমধ্যে আমরা হাইমচরেও যাই এবং মানুষের কথা শুনি।” তিনি আরও বলেন, “দোয়া করবেন, আমরা যেন সব সময় মানুষের সেবা করতে পারি এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, তা যেন সফল করতে পারি। “আমার কাছে যাঁরা আসেন, তাঁরা নিতান্তই গরিব মানুষ।
গরিব মানুষ যখন ভূমিসংক্রান্ত জমিজমা নিয়ে আসেন, তখন তাঁদের আদালতে পাঠানো হয় এবং আদালতের ফি আমরাই পরিশোধ করে দিই। যাঁরা আইনজীবী নিয়োগ করেন, তাঁদের ফি কম রাখার জন্যও আমরা অনুরোধ করি।” এমপি বলেন, “জটিল রোগে আক্রান্ত হলে সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে চিকিৎসাসহায়তা দেওয়া হয়। যেমন—ক্যানসার রোগীদের জন্য এক লাখ টাকা এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য এক লাখ টাকা দেওয়া হয়। গরিব মেধাবী শিক্ষার্থীদেরও সহায়তা দেওয়া হয়।
কিছুদিন আগে আমরা ৭৫ জনকে নগদ ১০ হাজার টাকা করে সহযোগিতা করেছি। দুস্থ রোগীদের সমাজসেবা মন্ত্রণালয়ের মাধ্যমে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। “আমরা চাই, তৃণমূলের মানুষ, যাঁদের জন্য বরাদ্দ করা অর্থ গত ১৫ বছরে ফ্যাসিবাদের কিছু লোক তছরুপ করেছে, তাঁদের প্রাপ্য যেন তাঁরা পান। আমরা চাই, বাংলাদেশে যেন আর এমন ঘটনা না ঘটে। সরকারের সহযোগিতা যাঁদের প্রাপ্য, তাঁদেরই তা দেওয়া হয়। “আপনারা দেখেছেন, পাশের কক্ষে যাঁরা বসে আছেন, তাঁরা সবাই নিতান্তই গরিব মানুষ।
আমাদের সিনিয়র নেতৃবৃন্দসহ সব পর্যায়ের নেতাকর্মী, মহিলা দল, ছাত্রদল, যুবদলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারাদিন এসব মানুষকে সময় দেন। আজ সারাদিন আমি সবার সঙ্গে দেখা করব, একজনও বাদ থাকবেন না। এর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসেন, তাঁদেরও সময় দিই। মানুষের সেবা করতে আমার নেশা। আমি সব সময়ই মানুষের সেবা করতে পছন্দ করি।”
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, দৈনিক শপথ পত্রিকার সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি মো. খলিলুর রহমান গাজীসহ অন্যান্যরা।




