
মাসুদ হোসেন: ছুটির দিনে ঘুরতে বেরিয়ে সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের দুই পর্যটক। এ ঘটনায় আহত হয়েছেন আটজন। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬ নম্বর উপাদী দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের করবন্দ গ্রামের হাসিম বকাউলের ছেলে মো. সোহেল বকাউল (৩৬) এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পিংড়া গ্রামের খালেক সরকারের ছেলে মো. খায়রুজ্জামান পিপুল (৪৫)।
দুর্ঘটনায় আহত চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার সুজন খান এ প্রতিবেদককে জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে মহামায়া থেকে ঢাকা মেট্রো-চ-১৯-৫০৫৩ নম্বরের একটি মাইক্রোবাস সিলেটের উদ্দেশে রওনা হয়। পথে তাঁরা কয়েকজন ওই মাইক্রোবাসে ওঠেন।
তিনি বলেন, শুক্রবার সকাল ৭টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর গ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-চ-৭১-২৯৪৯ নম্বরের একটি অ্যাম্বুলেন্সের সামনে দিয়ে সুনামগঞ্জ-থ-১১-৪৮৪৪ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশা ওভারটেক করতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অ্যাম্বুলেন্সটি একদিকে কাত হয়ে তাঁদের মাইক্রোবাসে সজোরে ধাক্কা দেয়। এ সময় সোহেল ও খায়রুজ্জামান অ্যাম্বুলেন্সের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই সোহেল নিহত হন।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। গুরুতর আহত পিপুলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁদের সফরসঙ্গীদের মধ্যে অন্যরাও কমবেশি আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সুজন খান বলেন, দুর্ঘটনার সময় তাঁদের সবাই ঘুমিয়ে ছিলেন। শুধু তিনি চালক শরীফের সঙ্গে কথা বলছিলেন। তাঁদের চোখের সামনেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়।
জানা যায়, নিহত সোহেল বকাউল প্রবাসফেরত ছিলেন। তিনি ঢাকার কেরানীগঞ্জে থাকতেন। অপর নিহত খায়রুজ্জামান পিপুল চাঁদপুর শহরের একজন ব্যবসায়ী ছিলেন।
এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন—চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার শাহাদাত হোসেন মিঠু, মান্দারী এলাকার সফিক মোল্লা, সুজন খান, মাইক্রোবাসচালক শরীফ হোসেন, মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু তাহের ভাট, আলন প্রধানীয়াসহ আরও দুজন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সোহেলের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই শেরপুর হাইওয়ে থানা থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে চাঁদপুরের উদ্দেশে নিয়ে আসার কথা ছিল। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
অপরদিকে, নিহত খায়রুজ্জামান পিপুলের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে আনা হবে বলে জানা গেছে। তবে এ ঘটনায় মামলার বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এর আগে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




