
স্টাফ রিপোর্টার : বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার ও ক্রয় রসিদ না থাকা এবং মূল্য তালিকা না টানানোর অপরাধে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) চাঁদপুর শহরের জেনারেল হাসপাতালের সামনে, পূরবী শপিং কমপ্লেক্স, মীর শপিং কমপ্লেক্স ও জে এম সেনগুপ্ত রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী রূপসী স্টোরকে ৫ হাজার টাকা, এলিগ্যান্টকে ৬ হাজার টাকা এবং মিনি মার্টকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে রূপসী স্টোর ও এলিগ্যান্টে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের সিল/স্টিকার এবং কেনাকাটার ভাউচার না পাওয়ার প্রমাণ মেলে। অন্যদিকে, মিনি মার্টে পণ্যের মূল্য তালিকা না থাকা ও বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় জরিমানা আদায় করা হয়। জরিমানা বাস্তবায়নের পরপরই অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকরা অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার ব্যক্ত করেন। অভিযানের অংশ হিসেবে চাঁদপুর জেনারেল হাসপাতালের সামনের ডাবের দোকানে গিয়ে দর যাচাই করা হয়।
এ সময় ব্যবসায়ীদের ডাব ক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে তা বিক্রির জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়। এছাড়া জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন ও ক্রেতা-বিক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস দল। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।




