
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং সর্বোচ্চ মামলার জরিমানা আদায়ে বিশেষ অবদান রাখায় সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন ট্রাফিক পুলিশের টিআই (এডমিন) প্রবীর কুমার দাস, এটিএসআই মোজাম্মেল হোসেন ও সার্জেন্ট ইমরানুল কবির।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে টিআই (এডমিন) প্রবীর কুমার দাস ও এটিএসআই মোজাম্মেল হোসেনকে এবং সর্বোচ্চ মামলার জরিমানা আদায়ের জন্য সার্জেন্ট ইমরানুল কবিরকে এ পুরস্কার দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরীসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় টিআই (এডমিন) প্রবীর কুমার দাস বলেন, “এই স্বীকৃতি আমার একার অর্জন নয়; এটি চাঁদপুর ট্রাফিক পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল।
সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা দায়িত্ব ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আইন মেনে যানবাহন চলাচল নিশ্চিত করতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।” তিনি আরও বলেন, “সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি চালক, পথচারী ও সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সহযোগিতা পেলে চাঁদপুরের সড়ক ব্যবস্থাপনা আরও সুন্দর ও নিরাপদ করা সম্ভব।”




