হাইমচরে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের হাইমচর উপজেলার কাটাখালী আলিম মাদ্রাসা, কমলাপুর দাখিল মাদ্রাসা ও কে.ভি.এন. উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। গত বুধবার (৭ সেপ্টেম্বর ২০২৬) তিনি এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।

এসময় সাথে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. আজিজুল হক। পরিদর্শনকালে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষের সভাপতিত্বে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল এবং ২০২৭ সালের প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হয়।

ফলাফল উন্নয়নের লক্ষ্যে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের সহপাঠ্যক্রমিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কম্পিউটার ল্যাব, পাঠাগার ও বিজ্ঞান ল্যাব পরিদর্শন করে এগুলোর ব্যবহার বাড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। সভায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে পদোন্নতি না দেওয়া, এসএসসি পরীক্ষার ফলাফল উন্নয়নের জন্য শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে ভাগ করে দিয়ে প্রতি সপ্তাহে মূল্যায়ন সভা করা এবং শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ আয়োজনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ আয়োজন, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার অনুশীলন, নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন এবং প্রতি বছর বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিজ্ঞান মেলার আয়োজনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

বিদ্যালয়ের পাঠাগার সচল রাখা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম নিয়মিত বাস্তবায়নের পাশাপাশি বাল্যবিবাহ, মাদক এবং ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে শিক্ষার্থীদের কাউন্সেলিং কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

পরিদর্শনকালে জেলা শিক্ষা অফিসার শিক্ষকদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, মূল্যায়ন ও নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে শিক্ষার মান এবং পরীক্ষার ফলাফল উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সম্পর্কিত খবর